বুধবার ২৬ আগস্ট ২০২৬
গাজার পথে ফের ত্রাণবহর পাঠাচ্ছে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১:৫৩ পিএম   (ভিজিট : ৩৪৭)
ইসরায়েলি অবরোধে বিপর্যস্ত গাজা উপত্যকার জন্য নতুন করে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে জোটটি এই ঘোষণা দেয়। খবর আনাদুলু এজেন্সি। এফএফসি জানায়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুইটি জাহাজ গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। পরে ৩০ সেপ্টেম্বর আরও ৯টি নৌযান যোগ দেয় বহরে। সবমিলিয়ে ১১টি জাহাজে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু রয়েছেন, যারা শিগগিরই একত্র হয়ে একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে গাজার দিকে অগ্রসর হবেন।

২০০৮ সালে গঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে রয়েছে, ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা।

এর আগে চলতি বছরের আগস্টে এই জোট ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি বড় আকারের ত্রাণ মিশন শুরু করে। তাতে অংশ নেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ জন পার্লামেন্ট সদস্য, আইনজীবী, স্বেচ্ছাসেবী ও অধিকারকর্মী।

সেই বহরটি ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে। তবে গাজার জলসীমার কাছাকাছি পৌঁছতেই ইসরায়েলি নৌবাহিনী একটি ব্যতীত সব নৌযান আটক করে নিয়ে যায়। জাহাজের আরোহীদের জোরপূর্বক ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়, যার প্রতিবাদে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

তবু তাতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি নেতানিয়াহুর সরকার। বরং আন্তর্জাতিক সমালোচনার তোয়াক্কা না করেই ইসরায়েল আগের মতোই অবরোধ জারি রেখেছে।

এই অবস্থার মধ্যেই ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিলো, যা নতুন করে নজর কেড়েছে আন্তর্জাতিক মানবিক মহলে।


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft