যশোরে ১৭টি সোনার বারসহ সঞ্জয় সরকার (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত সোনার বাজারমূল্য তিন কোটি আট লাখ ৩১ হাজার ৮২৮ টাকা। আটক সঞ্জয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধূলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে দেহ তল্লাশি করলে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৭টি সোনার বার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ৯৩৪ গ্রাম।
৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সঞ্জয় জানিয়েছেন— ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনার বারগুলো তিনি ঢাকা থেকে সাতক্ষীরা নিয়ে যাচ্ছিলেন। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তিনি যশোর হয়ে সাতক্ষীরায় গমন করেছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
আজকালের খবর/ওআর