সোমবার ২৫ মে ২০২৬
ভিডিও ফুটেজে প্রকাশ্যে সরকারি কর্মকর্তাকে মারধরের দৃশ্য
গাজীপুরে সওজ উচ্ছেদ অভিযানে হামলায় মামলা
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৫ ৭:৪০ পিএম  (ভিজিট : ৪১২)
গাজীপুরের শ্রীপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানের সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশে। 

সওজ বিভাগের পক্ষ থেকে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হচ্ছিল। অভিযান চলাকালীন একদল দখলদার ও তাদের সমর্থনে থাকা দালালচক্রের সদস্যরা সংঘবদ্ধ হয়ে সওজ কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এ সময় সরকারি সার্ভেয়ার রবিউল আলম এবং শ্রমিক আতিকুল ইসলাম মারধরের শিকার হন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন সওজের উপসহকারী প্রকৌশলী ওসমান।

এ ঘটনায় সওজের উপসহকারী প্রকৌশলী ইয়াসীন আরাফাত বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে রয়েছেন- আজিজুল ইসলাম, আলাউদ্দীন ও আক্তার এবং আরও অজ্ঞাত ২০ জন।

শ্রীপুর থানার ডিউটি অফিসার এসআই নিহারিকা সরকার মামলার সত্যতা নিশ্চিত করে জানান- আজিজুল ইসলাম, আলাউদ্দীন ও আক্তার এবং আরও অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলা করা হয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জনা যায়।

উল্লেখ্য, ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় এক নারী প্রকাশ্যে একজন সরকারি কর্মকর্তাকে জুতা দিয়ে মারছেন, অন্যরা ধাক্কাধাক্কি ও গালিগালাজে জড়িয়ে পড়ছেন। সরকারি কর্মকর্তাদের জামাকাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলার ঘটনা ফুটুজে দেখা যায়।

এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলছেন, এ ধরনের সহিংসতা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় না, বরং সরকারি কার্যক্রমের ওপর সরাসরি হস্তক্ষেপ ও চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সওজের এই অভিযান শুরু হয়েছিল ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরানোর মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের লক্ষ্য নিয়ে। কিন্তু, দখলদারদের হামলার মুখে তাৎক্ষণিকভাবে অভিযান স্থগিত হয়ে যায়। এই ঘটনায় দখলদাররা আরও সাহস পাচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তারা বলছেন, উচ্ছেদের পর অভিযান থেমে গেলে বারবার একই অবস্থা ফিরে আসে। বরং নিয়মিত মনিটরিং এবং জবাবদিহিতা নিশ্চিত করাই একমাত্র কার্যকর সমাধান।

সাধারণ পথচারীরা অভিযোগ করছেন, সড়কের ফুটপাত তো বটেই, এমনকি ফুটওভার ব্রিজের সিঁড়িও এখন দোকানদারদের দখলে। নিরাপদে চলাফেরা করা কিংবা রাস্তা পার হওয়াই দুঃসাধ্য হয়ে উঠেছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, ওভারব্রিজে উঠতেই ভয় লাগে। সিঁড়ির শুরু থেকেই দোকান বসানো। ফুটপাতে হাঁটতে গেলে পথ নেই, আর এখন উচ্ছেদ করতেও বাধা! 

দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় এই ঘটনায় প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রত্যাশা করছে সচেতন মহল। তারা মনে করছেন, শুধু উচ্ছেদ অভিযান চালিয়ে থেমে গেলে চলবে না। উচ্ছেদ বিরোধী হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সওজের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে নিয়মিত অভিযান চালাতে হবে।

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft